টেকনাফে পাহাড় কেটে বসতি নির্মাণ, ৬ হাজার রোহিঙ্গা ‘ঝুঁকিতে‘
পাহাড় কেটে বসতি নির্মাণ করায় কক্সবাজারে টেকনাফের দুইটি শরণার্থী ক্যাম্পের প্রায় তেরোশ পরিবারের অন্তত ছয় হাজার রোহিঙ্গা ঝুঁকির মধ্যে বাস করছে বলে পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে বলা হয়েছে।
আগামী বর্ষা মৌসুমের আগে এসব রোহিঙ্গাদের অন্যত্রে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে; অন্যথায় প্রাণহানির শঙ্কা প্রকাশ করা হয় প্রতিবেদনে।
গত ৩০ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এখন অন্যত্র বদলি হয়েছেন) হারুন-অর-রশিদ পাঠানের স্বাক্ষরে এ প্রতিবেদন দেওয়া হয়।
ওইদিনই প্রতিবেদনটি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন বরাবর পাঠিয়ে দেন বলে জানান হারুন-অর-রশিদ।
প্রতিবেদনে বলা হয়, কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৯৯.৮৬ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এবং ১১২.৫৬ একর জায়গা জুড়ে উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্প। ২১ নম্বর ক্যাম্পের পাঁচটি ব্লকে বসবাস করে তিন হাজার ৬০০ পরিবারের অন্তত ১৬ হাজার সদস্য এবং ২২ নম্বর ক্যাম্পের চারটি ব্লকে বসবাস করে তিন হাজার ৩৩৯ পরিবারের অন্তত ২২ হাজার ২০০ সদস্য।
এর মধ্যে ২১ নম্বর ক্যাম্পের সি-ব্লক, ডি-ব্লক ও ই-ব্লকের আটটি উপ-ব্লকের ১ হাজার ২৩৫ পরিবারের অন্তত সাড়ে পাঁচ হাজার এবং ২২ নম্বর ক্যাম্পের সি-ব্লক ও ডি-ব্লকের তিনটি উপ-ব্লকের ৩২ পরিবারের অন্তত ৫০০ সদস্য ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে।
এ ব্যাপারে হারুন-অর-রশিদ পাঠান বলেন, তার নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিনিধি দল চাকমারকূল ২১ নম্বর ক্যাম্প এবং উনচিপ্রাং ২২ নম্বর ক্যাম্প পরিদর্শনে যান। দলের সঙ্গে ২১ নম্বর ক্যাম্প প্রশাসনের পক্ষে কমিউনিটি মোবিলাইজেশন এসিস্ট্যান্ট (সিএমএ) সৌরভ সেন পার্থ এবং ২২ নম্বর ক্যাম্প প্রশাসনের পক্ষে কেয়ার এন্ড মেইনটেইন্যানস্ অফিসার (সিএমও) মো. খাইরুল আমিন শামীম ছিলেন।
“পরিদর্শনকালে দেখা গেছে ঝুঁকিপূর্ণভাবে চিহ্নিত বসত ঘরগুলো গড়ে তোলা হয়েছে পাহাড় কাটা ঢালের উপর ও ঢালের নিচে। আর পাহাড়গুলো কাটা হয়েছে ৭৫ থেকে ৯০ ডিগ্রি কোণে। আর ক্যাম্প দুইটিতে বসবাসকারী বিপুল সংখ্যক মানুষের দৈনন্দিন পানির চাহিদা মেটানো হচ্ছে গভীর ও অগভীর নলকূপের মাধ্যমে। এতে পানির স্তর নিচে নেমে যাওয়ায় মাটির শক্ত ভিত্তি নষ্ট হচ্ছে।”
পরিবেশ অধিদপ্তরের এ কর্মকর্তা আরও বলেন, ক্যাম্পে পানি প্রবাহের বা ড্রেনেজ ব্যবস্থা নেই। এতে বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে পাহাড় ধসের জন্য হুমকি তৈরি হবে। ক্যাম্পে বসবাসকারী বিপুল সংখ্যক মানুষের পয়োবর্জ্য পরিশোধনের জন্য সুয়্যারেজ ট্রিটমেন্ট প্লান্ট (এসটিপি) নেই। ময়লা-আবর্জনা সংগ্রহের জন্য `গার্বেজ পিট‘ বা `ডাম্পিং পিট‘ থাকলেও তা অপরিকল্পিত। এতে পরিবেশ-প্রতিবেশ যেমন বিনষ্ট হচ্ছে, পাশাপাশি এসব ময়লা-আবর্জনা বর্ষা মৌসুমে পানি চলাচলে বাধা সৃষ্টি করবে।
হারুন-অর-রশিদ বলেন, পরিদর্শনকালে যেসব তথ্য-উপাত্ত পাওয়া গেছে তাতে আগামী বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। এতে ক্যাম্প দুইটির পাহাড়ি ঢাল ও ঢালের নিচে বসবাসকারী অন্তত ছয় হাজার মানুষ এখন ঝুঁকিতে রয়েছে।
তিনি জানান, ইতিপূর্বেও বর্ষা মৌসুমে চাকমারকূল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছিল। তাই এখন ঝুঁকিতে থাকা এসব মানুষকে আগামী বর্ষা মৌসুমের আগে অন্যত্রে নিতে অবহিত করে ক্যাম্প প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদনটি পাঠানো হয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেন, ২১ নম্বর ও ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অন্তত ছয় হাজার মানুষ ঝুঁকিপূর্ণভাবে বসবাস করার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের একটি প্রতিবেদন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে পৌঁছেছে।
“এসব মানুষকে আগামী বর্ষা মৌসুমের আগেই অন্যত্রে সরিয়ে নিতে সংশ্লিষ্ট পর্যায়ের সকলের সঙ্গে বৈঠকের আয়োজন যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগেও বিভিন্ন সময়ে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী অন্তত ৫০ হাজার মানুষকে অন্যত্রে সরিয়ে নিয়ে আবাসনের ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
