ত্বকী হত্যার বিচার চান শামীম ওসমান
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার চেয়েছেন স্থানীয় প্রভাবশালী ক্ষমতাসীন দলের সংসদ সদস্য শামীম ওসমান।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে জরুরি কর্মিসভায় তিনি এই দাবি জানান।
শামীম ওসমান বলেন, “কয় দিন পরপর নাটক শুরু হবে। গত পাঁচ-সাত বছর যাবৎ চলে আসছে। ১০ জন দাঁড়াবে, তিন জন শুনবে। ১০ জন বক্তা, তিন জন শ্রোতা। তারাই বলে ত্বকী হত্যার বিচার চাই।
“আজকে আমি সরকারকে বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই, দেশের আইন বিভাগকে বলতে চাই, ত্বকী হত্যা নিয়ে কেউ কেউ আমাকে ও পরিবারের দিকে আঙ্গুল তুলে দেখাতে চান। আমি বলতে চাই, অবিলম্বে এই হত্যার বিচার করা হোক। প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে বিচার করা হোক এবং অবিলম্বে করা হোক। আর যারা দুনীর্তি করে তাদের দিকে নজর দেওয়া হোক।”
২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় এ লেভেলের ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী। তার দুই দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
ত্বকী ওই মহল্লার রফিউর রাব্বির ছেলে। হত্যাকাণ্ডের পর থেকে এই বাবা ‘নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট’ নামে সংগঠন গড়ে বিচার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যা বেগবান হয়নি। তারা ত্বকী হত্যার জন্য শামীম ওসমানের পরিবারকে দায়ী করে।
শামীম ওসমান বলেন, “আমাদের লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে। কিছু পাই আর না পাই, আমাদের লড়াইটা করতে হবে। কারণ একটা কঠিন যড়যন্ত্র আসছে যা আর্ন্তজাতিক ও লোকাল পলিটিক্স। হয়ব বা আগামী কয়েক মাসের মধ্যে একটা আঘাত করার চেষ্টা করবে কিন্তু জিতবে না। কারণ আমি বিশ্বাস করি আমার নেত্রীর ওপর আল্লাহর রহমত আছে।
“আমি চাইছিলাম এমপি থাকা অবস্থায় রাজনীতি ছেড়ে চলে যেতে কিন্তু সামনে একটা আঘাত আসছে। তাই এটা মোকাবেলা করে যেতে হবে। যারা খেলতে চান, আপনারা জেনে রাখেন, আমরা ট্রেনিং নিচ্ছি। যারা খেলাটা খেলতে চান, আসেন খেলি। আমরা এবার খেলার জবাবটা কিন্তু সেইভাবে দিব। কারণ আমরা সবভাবে খেলতে জানি। খেলা হবে এবং আমরা জিতব ইনশাআল্লাহ।”
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল কর্মিসভায় ছিলেন।
