হবিগঞ্জে ‘আধিপত্য বিস্তারের বিরোধে’ সংঘর্ষ, একজন নিহত
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
আতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে আজমিরীগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানিয়েছেন।
শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার নগর গ্রামে এই সংঘর্ষ হয়।
নিহত লুৎফুর রহমান (৫৫) ওই গ্রামের করিম মুন্সির ছেলে।
ওসি প্রাথমিক তদন্তের তথ্যে জানান, ওই গ্রামের মখলিছ মিয়া ও লুৎফুর রহমানের মধ্যে আধিপত্য বিস্তারের বিরোধ চলছে। এর জেরে বেলা ১২টার দিকে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর আবার ওই গ্রামে সংঘর্ষ বাধে।
ওসি বলেন, “পুলিশ ফিরে আসার পর গ্রামের পাশে বোরোক্ষেতে কাজ করতে যান লুৎফুর রহমান। একই সঙ্গে কাজে যান মখলিছ মিয়ার ছেলে মাসুম মিয়া। তাদের মধ্যে কথাকাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময় প্রতিপক্ষের ইটের আঘাতে লুৎফুর রহমান আহত হন। স্থানীয়রা তাকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
