কুমিল্লায় অবৈধভাবে গ্যাস সরবরাহের অভিযোগে গ্রেপ্তার ৩
কুমিল্লায় কভার্ডভ্যানে সিলিন্ডার বসিয়ে অবৈধভাবে গ্যাস সরবরাহ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে সদর দক্ষিণ উপজেলার জোড়কানন এলাকার ধনপুরের ভূঁইয়া ফিলিং স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
এ সময় বিশেষ প্রক্রিয়ায় স্থাপন করা ১৪৩টি সিলিন্ডারসহ একটি কভার্ডভ্যান জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর গ্রামের মো. আনোয়ার হোসেন (৬৭), সদর দক্ষিণ উপজেলার বাটপাড়া গ্রামের আবদুর রাজ্জাক (৩৮) এবং লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. রিয়াজ মিয়া (২৬)।
র্যাবের অধিনায়ক সাকিব বলেন, “চক্রটি মূলত সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে এই অবৈধ কারবার করত। তারা বিশেষ প্রক্রিয়ায় কভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে মিটার ছাড়াই মূল লাইন থেকে গ্যাস নিত।
তারপর সেই গ্যাস অবৈধভাবে কুমিল্লার প্রত্যন্ত উপজেলাসহ বিভিন্ন স্থানে চড়া মূল্যে বিক্রি করা হত। চক্রটি বিশেষত দূর-দূরান্তের সিএনজিচালিত অটোরিকশার চালকদের কাছে বাজারদরের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করত। অনেকক্ষেত্রে চালকদের যেহেতু গ্যাস নিতে অনেক দূরে যেতে হয়; এতে সময় ও শ্রম ব্যয় হয়। তাই তারাও বুঝে না-বুঝে ভ্রাম্যমাণ এই কভার্ডভ্যানের সিলিন্ডার থেকেই গ্যাস নেন।
র্যাব কর্মকর্তা আরও বলেন, অবৈধভাবে এই গ্যাস সরবরাহ ও বিক্রি অনেক ঝুঁকিপূর্ণ কাজ। যেকোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।
মিটার ছাড়া গ্যাস নেওয়ার ফলে সরকারের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। এই চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
