কোভিড: রংপুর বিভাগে একদিনে শনাক্ত ৪৩৮
রংপুর বিভাগে একদিনে ৪৩৮ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ।
শুক্রবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক ডা. আবু মো. জাকিরু ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
বৃহস্পতিবার এ বিভাগের আট জেলায় ৮৪০ জনের নমুনা পরীক্ষায় ৩৭৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ৪৫ শতাংশ।
জাকিরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগের আট জেলার ৯৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে রংপুরের ১১৯, দিনাজপুরের ১১০, ঠাকুরগাঁওয়ের ৫৬, নীলফামারীর ৪৬, গাইবান্ধার ৩২, পঞ্চগড়ের ৩১, লালমনিরহাটের ২৩ এবং কুড়িগ্রামের ২১ জন রয়েছেন।
এদের মধ্যে শনাক্তের হার পঞ্চগড়ে ৫৭ দশমিক ৪১, ঠাকুরগাঁওয়ে ৫৬ দশমিক ৫৭, দিনাজপুরে ৫২ দশমিক ৬৩, কুড়িগ্রামে ৪৭ দশমিক ৭৩, গাইবান্ধায় ৪৪ দশমিক ১১, রংপুরে ৪১ দশমিক ১৭, লালমনিরহাটে ৪০ দশমিক ৩৫ শতাংশ এবং নীলফামারীতে ৪০ শতাংশ।
জাকিরুল জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৬২ জন। বর্তমানে এই বিভাগে করোনাভাইরাস আক্রান্ত গুরুতর ৪৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে সংকটাপন্ন ১৬ রোগীকে আইসিইউতে রাখা হয়েছে। বাকিদের বাসায় রেখে চিকিৎসা চলছে। পুরো বিভাগে এখন পর্যন্ত কোভিড আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন ৩ হাজার ৬০৪ জন।
তিনি আরও জানান, রংপুর বিভাগে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে দিনাজপুরে। এ জেলায় সর্বোচ্চ আক্রান্ত ১৫ হাজার ৬৯৩ এবং ৩৩৩ জন মারা গেছেন। দ্বিতীয় সর্বোচ্চ ২৯৪ জনের মৃত্যু হয়েছে বিভাগীয় জেলা রংপুরে। এ জেলায় আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ২২৭।
২০২০ সালের মার্চে করোনা মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ৩ লাখ ১৬ হাজার ৭৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৮ হাজার ৩৫১ জনের করোনা শনাক্ত হয়েছে। আট জেলায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫৪ জনের। এখন পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৭৪৭ জন।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে রংপুর বিভাগের দিনাজপুর, পঞ্চগড় ও লালমনিরহাট জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ বা রেড জোন বলা হয়েছে। এ ছাড়া ইয়েলো জোন বা মধ্যম ঝুঁকিতে রয়েছে রংপুর, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলা। দিন দিন করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণে ভারতের কোলঘেঁষা এই বিভাগ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তর।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, গণটিকাসহ বিভিন্ন বয়সী মানুষকে টিকার আওতায় আনার ফলে সংক্রমণ ও মৃত্যুর হার আগের চেয়ে কমে আসছে। বর্তমানে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং করোনার ঊর্ধ্বমুখী পরিস্থিতিতে যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে তা উদ্বেগজনক। তবে জেলা করোনা প্রতিরোধ কমিটির পক্ষ থেকে জনগণকে সচেতন করতে মুখে মাস্ক পরার পরামর্শ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিনা মূল্যে মাস্ক সরবরাহ করা অব্যাহত আছে।
