২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ব্যবসায়িক লেনদেনে খুন, একজনের যাবজ্জীবন

কুষ্টিয়ার দৌলতপুরে ব্যবসায়িক লেনদেন ঘিরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুর্ষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2022, 05:43 PM

Updated : 02 Aug 2022, 02:45 PM

একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।  

ঘটনার সাড়ে পাঁচ বছর পর বৃহস্পতিবার কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তাজুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত রফিকুল ইসলাম দৌলতপুর উপজেলার দড়িপাড়া গ্রামের প্রয়াত রসুল মন্ডলের ছেলে। ঘটনার সময় তার বয়স ছিল ৫১ বছর।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২১ জুন রাতে আর্থিক লেনদেনের কারণে দ্বন্দ্বের জেরে ব্যবসায়িক অংশীদার রফিকুল ইসলামের সঙ্গে জহিরুল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি মীমাংসার জন্য রফিকুলের বাড়ি যান জহিরুল। সেখানে ধারালো হাসুয়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জহিরুল ইসলামকে হত্যা করেন রফিকুল।

ঘটনার পরদিন ২২ জুন নিহত জহিরুল ইসলামের স্ত্রী শাহনাজ শারমিন নিপা বাদী হয়ে রফিকুল ইসলামের বিরুদ্ধে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।  

২০১৬ সালের ১১ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম।

এই মামলার আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, আসামি জহিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তাকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাভোগ করতে হবে।