২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় স্কুলছাত্র ও গৃহবধূ খুন

কুষ্টিয়ার কুমারাখালীতে স্কুল ছাত্রকে ছুরিকাঘাতে এবং খোকসায় এক গৃহবধূকে শ্বাসরোধে করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2022, 05:16 PM

Updated : 28 Apr 2022, 11:32 PM

মৃতরা হলেন- কুমারাখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের হাজী হোসেন আলীর ছেলে দিদার হোসেন (১৭) ও কমলাপুর গ্রামের রইস মণ্ডলের স্ত্রী সেলিনা বেগম (৩৫)।

বৃহস্পতিবার সকালে লাশ দুটি ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে কুমারখালী থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, বুধবার ৯টার দিকে শিলাইদহ বাজারে দিদার একটি কাঠের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন যুবক গিয়ে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দিদারের মৃত্যু হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।”

এদিকে খোকসা উপজেলার একতারপুরের কমলাপুর গ্রামে শোয়ার ঘর থেকে সেলিনার লাশ উদ্ধার করা হয় বলে খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান।

সেলিনা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।