সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এক বছরের মাথায় আবার আক্রান্ত হওয়ার খবর আব্দুল জলিল নিজেই শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
জলিল বলেন, গত এক সপ্তাহ ধরে তিনি জ্বরে ভুগছিলেন। বৃহস্পতিবার নমুনা পরীক্ষা করালে রির্পোটে কোভিড পজেটিভ আসে। পরে স্ত্রী আয়শা আক্তার মৌসুমীর নমুনা পরীক্ষা করা হলে তার শরীরেও সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে তারা বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে মহামারীর প্রথম থেকে স্বাস্থ্যবিধি মেনে বন্দরের কার্যক্রম সচল রাখা হয়েছে। গত বছর এ অবস্থার মধ্যে কাজ করতে গিয়ে বন্দরের কর্মকর্তা ও কর্মচারীদের অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছিলেন।
“তবে উপ-পরিচালক আব্দুল জলিল এনিয়ে দুই বার আক্রান্ত হলেন। তিনি বর্তমানে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ তার সব ধরনের খোঁজ খবর রাখছেন।”
