২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দৌলতদিয়ায় ঢাকামুখী গাড়ির দীর্ঘ সারি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে শত শত গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে; যাতে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী আর পরিবহন শ্রমিকরা।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2022, 06:30 PM

Updated : 25 Oct 2022, 10:10 AM

একদিকে নাব্য সংকট আরেক দিকে কুয়াশা- প্রধানত এই দুই কারণে সময় বেশি লাগছে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন।

তিনি বলেন, “চারটি ঘাট দিয়ে ছোট-বড় ১৫টি ফেরি চালানো হচ্ছে। কিন্তু মাঝেমধ্যে নাব্য সংকট আর কুয়াশার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।”

এ কারণে ঘাটে গাড়ির লম্বা লাইন তৈরি হচ্ছে বলে তিনি জানান।

মঙ্গলবার দুপুরে সরজমিনে দেখা গেছে, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ ব্র্যাক কার্যালয় পর্যন্ত প্রায় সাত কিলোমিটার এলাকায় যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও কভার্ড ভ্যানের সারি রয়েছে।

খুলনা থেকে আসা হানিফ পরিবহনের একজন যাত্রী নিজেকে ইয়াকুব আলী বলে পরিচয় দিয়ে বলেন, “বেলা সাড়ে ১২টায় দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় আটকা পড়েছি। এখন বেলা ২টা বাজে। একটু করে লঞ্চ টার্নিং পার হয়ে আবার আটকে গেছি ঘণ্টা খানেকের বেশি হল।”

“গাড়িতে বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়ছি। বাইরেও যেতে পারছি না ধুলোবালির কারণে। আর কখন ফেরিতে উঠতে পারব তাও জানি না”, হতাশ কণ্ঠে বলেন ইয়াকুব আলী।