ব্রাহ্মণবাড়িয়ায় এতিমখানার ৩১ ছাত্রকে মারধরের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার জেলা শহরে মাঠে খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে একটি এতিমখানার ৩১ জন ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কলেজপাড়া এলাকার ‘মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায়’ এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এতিমখানার পরিচালক হাফেজ মো. ইমরান বলেন, বিকালে এতিমখানার পাশে ছাত্ররা খেলাধুলা করছিল। এ সময় স্থানীয় এক ছেলের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
“পরবর্তীতে সন্ধ্যায় দলবেঁধে স্থানীয় নারী-পুরুষ মিলে এতিমখানায় হামলা চালিয়ে ৩১ ছাত্রকে মারধর করে।”
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, এতিমখানার ছাত্ররা কলেজপাড়া বালুরমাঠে ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় এক তরুণ খেলতে বাধা দেয় ছাত্রদের। ওই তরুণ ক্রিকেট খেলবে জানিয়ে এতিমখানার ছাত্রদের চলে যেতে বলে।
“এ নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।”
হামলার শিকার ছাত্রদের বয়স ৯ থেকে ১৭ বছরের মধ্যে বলে পুলিশ জানিয়েছে।
