কাপাসিয়ায় স্ত্রীসহ প্রবাসীর মরদেহ উদ্ধার
গাজীপুরের কাপাসিয়ায় মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তি ও তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার টোক ইউনিয়নের ঘোষেরকান্দি এলাকায় তাদের মরদেহ দুটি পাওয়া যায়।
নিহতরা হলেন ওই এলাকার দুলাল মিয়ার ছেলে রুবেল মিয়া (৩২) ও তার স্ত্রী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার তালদশি গ্রামের নূরুল ইসলামের মেয়ে নূর নাহার (২৮)।
রুবেলের মা আকলিমা জানান, প্রায় ১২ বছর আগে নুর নাহারের সঙ্গে রুবেলের বিয়ে হয়। রুবেল মালয়েশিয়া থাকতেন। তাদের দুটি ছেলে রয়েছে।
দুই সপ্তাহ আগে রুবেল মালয়েশিয়া থেকে দেশে ফিরেন জানিয়ে তিনি বলেন, “দেশে ফেরার পর থেকে রুবেলের সঙ্গে স্ত্রী নূর নাহারের পারিবারিক কলহ লেগেই ছিল।”
তিনি জানান, বুধবার রাতে এক সঙ্গে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে বাড়ির সবাই। বৃহস্পতিবার সকালে নূর নাহার ছেলেকে মক্তবে নিয়ে যান।
“সকালে পাশাপাশি দুই ঘরে তাদের দুজনের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়।”
কাপাসিয়া থানার ওসি এ এফ এম নাসিম বলেন, রুবেল রাতেই গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। আবার ছেলেকে মক্তবে দিয়ে ফিরে এসে স্বামীকে ঝুলন্ত দেখে নূর নাহারও ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করে থাকতে পারে।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে; কোনো অভিযোগ না থাকায় স্বজনদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ দুটি হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
