২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ডাকাত সন্দেহ ৩ যুবককে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে তিন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2022, 11:56 AM

Updated : 25 Jul 2022, 04:38 PM

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উপজেলার ইলমদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রসোনারগাঁ বস্তল এলাকার মো. মফিজুল, জহিরুল ইসলাম জেসলু ও মো. নবী। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। জেসলু একটি লেগুনার মালিক এবং নবী ও মফিজুল লেগুনার চালক ছিলেন।

ওসি আনিচুর রহমান বলেন, সকাল ৬টায় স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তারা দেখেন দুই জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করে আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, “ডাকাত সন্দেহে রাতের কোনো এক সময় ওই তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।”

নিহত মফিজুলের মা মনোয়ারা বেগম বলছেন, তার ছেলে রূপগঞ্জের গাউছিয়া থেকে গার্মেন্টস কারখানার শ্রমিকদের আনা নেওয়া করে। বুধবার রাত ১০টার দিকে লেগুনা নিয়ে তিনি বাসা থেকে বের হন।

“সকালে জানলাম, আমার ছেলেকে পিটাইয়া মাইরা ফালাইসে। আমি আমার ছেলেরে মারার বিচার চাই।”