ট্রাক-ট্রাক্টর সংঘর্ষের পর অটোরিকশায় চাপা, ২ মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষের পর একটি অটোরিকশাকে চাপা দেওয়ার ঘটনা ঘটেছে; এতে প্রাণ গেছে দুইজনের। আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার সকাল পৌনে ৮টায় উপজেলার খাড়েড়া ইউনিয়নের খাড়েড়া বাসস্ট্যান্ডের পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কসবা থানার এসআই নূরে আলম জানান।
এ ঘটনায় আহতরা হলেন- মিজানুর রহমান (৫০), সোহাগ (১৭), তায়েব (২২) ও শরীফুল (২২)। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই বলেন, “সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লামুখী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরের পেছনে থাকা সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও এক যাত্রীর মৃত্যু হয়।”
