২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত

অফলাইন ও অনলাইনে নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2022, 09:16 PM

Updated : 02 Aug 2022, 02:33 PM

বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা চত্বরে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে ৫২তম বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মনজুরুল হক।

অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত নিবন্ধক রহিমা কানিজ।

এ সময় অনলাইনে যুক্ত হন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধনী ভাষণে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করেন উপাচার্য।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫১ বছরের অর্জন তুলে ধরে উপাচার্য বলেন, জ্ঞান চর্চার তীর্থস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিগত সময়ে অনেক কৃতী শিক্ষক-শিক্ষার্থী পেয়েছে এবং অনেককে আবার হারিয়েছেও।

জ্ঞান-বিজ্ঞানে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মান ও গৌরব বৃদ্ধি করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান জাগ্রত রাখা। এই জ্ঞান চর্চার মধ্যদিয়ে দেশ, জাতি এবং বিশ্বের জন্য কাজ করতে হবে। প্রত্যেককে শিক্ষিত হওয়ার পাশাপাশি মানবিক মানুষ হতে হবে।

বিগত পাঁচ দশকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও ভৌত অবকাঠামোগত উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই উন্নয়নকে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার লক্ষ্যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় সাড়ে ১৪শ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছেন। এই উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের অবয়ব আমূল পরিবর্তন হবে। শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টিসহ বিশ্ববিদ্যালয় পূর্ণ আবাসিক চরিত্র ফিরে পাবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নতুন স্বপ্ন ও নতুন লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানান অধ্যাপক ফারজানা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর অনলাইনে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ফেইসবুকে পেইজ থেকে সকাল ১০টা ৪০ মিনিটে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বেলা ১১টায় ৫ মিনিটে ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, ১১টা ৩৫ মিনিটে একক পরিবেশনা, ১১টা ৫০ মিনিটে রঙ্গন-মাইম একাডেমি পরিবেশিত মূকাভিনয়, ১২টা ১০ মিনিটে বাংলাদেশের পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের পরিবেশনায় পুতুল নাট্য প্রচার করা হয়।

করোনাভাইরাসের ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়।

১৯৭০-১৯৭১ শিক্ষাবর্ষে ৪ জানুয়ারি অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান – এই চারটি বিভাগে ভর্তিকৃত (প্রথম ব্যাচে) ১৫০ জন শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও ১৯৭১ সালের ১২ জানুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।

এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক মফিজ উদ্দিন আহমদ।