গাজীপুরে তুলার চার গুদামে অগ্নিকাণ্ড
গাজীপুর মহানগরের পূবাইল ও টঙ্গীর মিল গেইট এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে কয়েকটি তুলার গুদাম মালামালসহ পুড়ে গেছে।
মঙ্গলবার বিকালে মহানগরের পূবাইল এলাকায়েএবং রাত ৮টার দিকে মিলগেইটে এই দুটি অগ্নিকাণ্ড হয়।
ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরার চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, বিকাল সাড়ে ৩টার দিকে মহানগরের পূবাইল এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
“আগুনে গুদামে থাকা তুলা ও মালপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”
অপর ঘটনা ঘটে মিলগেইট এলাকায়।
ইকবাল হাসান জানান, সন্ধ্যা ৭টার দিকে একটি তুলার গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের আরও দুইটি গুদামে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আগুনে দুইটি গুদাম পুরোপুরি এবং অপরটির আংশিক ক্ষতি হয়েছে বলে ইকবাল হাসান জানান।
এ দুই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে তিনি জানান।
