২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে স্বল্পমেয়াদী কার্ড চালুর ভাবনা’

অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার মানুষদের জন্য স্বল্পমেয়াদী কার্ড চালুর ভাবনার কথা জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) মহাপরিচালক মেজর জেনারেল মো. শাফিনুল ইসলাম।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2022, 09:05 PM

Updated : 25 Oct 2022, 10:09 AM

এরই মধ্যে এমন একটি প্রস্তাবনা বিএসএফ ও ভারত সরকারের কাছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সোমবার দুপুরে মহাদেবপুর উপজেলার খাজুর এলাকায় বিজিবির শীতকালীন মহড়া পরিদর্শনে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশ-ভারতের যেসব এলাকায় সীমান্ত রয়েছে সেখানে অনেকের আত্মীয় দুই পাড়েই বসবাস করে। ফলে বিভিন্ন উৎসবে তাদের যাতায়াত আদিকাল থেকে হয়ে আসছে।

“এখন সীমানা হওয়ায় পাসপোর্ট ও ভিসার প্রয়োজন হয়। ফলে ভিসা ছাড়া কেউ ভারতে গেলে তখনই সেটা অবৈধ অনুপ্রবেশ হয়। এ জন্য বিষয়টি নিয়ে বিজিবি যাচাই-বাছাই করছে। উভয় দেশের অভ্যন্তরে সীমান্তের স্বজনদের বাড়িতে ৫-৭ দিন ভ্রমণের জন্য স্বল্পমেয়াদী কার্ড চালু করা হলে অবৈধ অনুপ্রবেশ রোধ করা অনেকাংশেই সম্ভব হবে।”

বিজিবি মহাপরিচালক বলেন, “যারা সৎ উদ্দেশ্য নিয়ে আত্মীয়স্বজন ও বিভিন্ন উৎসবের জন্য ভারতে প্রবেশ করে তারা দিনের বেলায় প্রবেশ করে। ফলে এসব মানুষ কোনো বিপদে পড়ে না।

“কিন্তু যারা অসৎ উদ্দেশ্য নিয়ে রাতের আঁধারে প্রবেশ করে থাকে তারাই বেশি আক্রান্ত হয়। সেই বিষয়টিও যেন না হয় সেই বিষয়ে আমরা সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি।”