টঙ্গীতে ট্রেনের ধাক্কায় ২ নারীর মৃত্যু
টঙ্গীতে পৃথক স্থানে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় দুই নারীর মৃত্যু হয়েছে।
টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি ও মধুমিতা গেইট এলাকায়
রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গী রেল পুলিশের উপ-পরিদর্শক নুর মোহাম্মদ খান জানান।
মৃতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পরিদর্শক নুর মোহাম্মদ বলেন, “রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর নতুন বাজার গাজীবাড়ি এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”
পারাবত এক্সপ্রেস যখন গাজীবাড়ি এলাকা পার হচ্ছিল তখন ওই নারী রেলপথ ধরে হাঁটছিলেন বলে ধারণা এ রেল পুলিশ কর্মকর্তার।
অপরদিকে রাত ১২টার দিকে মধুমিতা গেইট এলাকায় রেলপথ পারাপারের সময় একটি ট্রেনের ধাক্কায় ২৫ বছর বয়সী এক নারী নিহত হন।
লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে নুর মোহাম্মদ জানান।
