উখিয়ায় ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা ‘মাদক কারবারি’ গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় পাঁচ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা `মাদক কারবারিকে’ গ্রেপ্তারের খবর জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ব্রিজ এলাকা থেকে রোববার গভীর রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
খাইরুল বলেন, মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান পাচার হয়ে আসার খবরে র্যাবের একটি দল ঘটনাস্থলে অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে আসা সন্দেহজনক কয়েকজন ব্যক্তিকে আসতে দেখে র্যাব সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়। এ সময় তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে আটক করে র্যাব।
তিনি জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
