কোভিড: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটার ভর্তি সাক্ষাৎকার স্থগিত
করোনাভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধির মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য আবেদনকারী শিক্ষার্থীদের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।
রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ও করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির জন্য আবেদনকারী সকল শিক্ষার্থীর ১১ ও ১২ জানুয়ারি তারিখের সাক্ষাৎকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনা করে ওই সাক্ষাৎকারের তারিখ ও সময় দৈনিক জাতীয় পত্রিকায়, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে এক বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধাদের ‘সন্তান ও নাতি-নাতনি’ কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছিল।
এদিকে করোনা পরিস্থিতি বিবেচনায় রোববার থেকে দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।
