২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগে উপোস থাকতাম, এখন তিনবেলা ভাত খাই: পরিকল্পনামন্ত্রী

গত এক যুগে দেশের ‘বিশাল পরিবর্তন’ হয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, “আগে আমাদের উপোস সময় কাটতে হতো; আর এখন তিনবেলা ভাত খেতে পারি।”

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 07:35 PM

Updated : 02 Aug 2022, 02:31 PM

রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে ’আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি‘ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “বাংলাদেশ সাধারণ কোনো দেশ নয়। খুব কম দেশই আছে, দেশের জন্য মানুষ জীবন দিতে পারে। আমাদের দেশ সেই দেশ।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে শঙ্কা প্রকাশ করে এম. এ. মান্নান বলেন, “তাকে হত্যা করতে পারলে দেশ শোষকদের হাতে চলে যাবে। আমাদের প্রয়োজন শেখ হাসিনার শক্তি যেন সুসংহত থাকে। তিনি কৌশলী নেতৃত্ব।”

‘আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি’ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। সামাজিক উদ্যোগের অংশ হিসেবে গত নয় বছর ধরে এ শিক্ষাবৃত্তি দিচ্ছে প্রতিষ্ঠানটি।

এবার সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৭৫ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। প্রত্যেককে তিন হাজার টাকা, ক্রেস্ট, মেডেল, সনদপত্র  ও উপহারসামগ্রী দেওয়া হয়।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরও ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস ছাত্তার ভূইয়া, সংরক্ষিত নারী সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল হক মৃদুল, সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) আনিছুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ চক্রবর্তী।