পল্লীচিকিৎসক নিখোঁজের খবরে ফার্মেসি লুট নিয়ে ‘ধন্দ’, লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে পণ্যবাহী নৌযানের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ পল্লীচিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার গোসাইপুর এলাকায় নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর রোববার বেলা ১১টার দিকে পল্লীচিকিৎসক অসীম আচার্যের (৩২) মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান।
তিনি আরো জানান, অসীমের সন্ধানে রাত ১০টা পর্যন্ত ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি দল চেষ্টা করে ব্যর্থ হয়। আজ সকালের অভিযানে ঘটনাস্থলের কাছ থেকেই লাশ উদ্ধার হয়।
অসীম বিদ্যাকুট ইউনিয়নের মনিপুর গ্রামের গোপী মোহন আচার্যের ছেলে। তিনি এক সন্তানের জনক। বিদ্যাকুট ইউনিয়নে ভৈরবনগরে লঞ্চঘাটে তার ওষুধের দোকান ছিল।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাত ৮টায় অসীম ও নেপাল সরকার নামের এক ব্যক্তি মনিপুর গ্রাম থেকে গোসাইপুর বাজারে যাওয়ার জন্য নৌকায় তিতাস নদী পার হচ্ছিলেন। নদীর মাঝামাঝিতে বড় একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় নেপাল সাঁতারে তীর উঠতে পারলেও অসীম নিখোঁজ হন।
নিখোঁজের পরই রাতে দোকান লুটের বিষয়টি থানাকে জানানো হয়েছে বলে জানান খোকন। তিনি আরো বলেন, “যে কেউ মারা যেতে পারে। তাই বলে তার দোকান কেন লুট হবে? এ নিয়ে সন্দেহ হওয়ায় পুলিশকে জানিয়েছি।”
এ ব্যাপারে ওসি আমিনুর রশিদ বলেন, “দোকান থেকে মালামাল নিয়ে যাওয়ার বিষয়টি আমরা পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেরেছি। ঘটনাস্থলে বিট পুলিশ অফিসারকে পাঠানো হয়েছে৷”
অসীমের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
