২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে জমির বিরোধের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় জমি নিয়ে বিরোধের সংঘর্ষে পুলিশের এক এসআইসহ অন্তত ৫২ জন আহত হয়েছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2022, 01:04 PM

Updated : 28 Apr 2022, 11:25 PM

উপজেলা পাকুড়তিয়া গ্রামে এ শনিবার বিকালে এ ঘটনা ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ওসি একেএম সুলতান মাহমুদ জানান।

আহতদের মধ্যে টুঙ্গিপাড়া থানার রফিকুল ইসলামসহ ৩০ জনকে টুঙ্গিপড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসীম উদ্দিন জানান, আহত অবস্থায় ৫২ জনকে হাসপাতালে আনা হয়েছিল। ৩০ জনকে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ, খুলনা ও ঢাকায় পাঠানো হয়েছে সাতজনকে। আর ১৫ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “পাকুড়তিয়া গ্রামে সাড়ে ২৭ শতাংশ জমির মালিকানা নিয়ে সহিদ মীর ও রাঙ্গামিয়া ফকির মধ্যে বিরোধ ও মামলা চলছিল। মামলার তদন্ত করতে শনিবার বিকালে উপ-সহকারী ভূমি কর্মকর্তা নাজমুল হক ওই জমিতে যান।

“এ সময় জমির মালিকানা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে এবং এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।  প্রায় দুঘণ্টার এ সংঘর্ষে এসআই রফিকুলহ উভয় পক্ষের অন্তত ৫২ জন আহত হন।”

খবর পেয়ে পুলিশ গিয়ে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান সুলতান মাহমুদ।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেবেন।