২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে দুইজনকে কুপিয়ে ‘১৪ লাখ টাকা ছিনতাই’

ফেনীতে একটি আটার কলের দুই কর্মচারীকে কুপিয়ে প্রায় ১৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2022, 11:10 PM

Updated : 02 Aug 2022, 02:30 PM

সদর উপজেলার রামপুর সম্রাট অটো ফ্লাওয়ার মিলের মালিক তাজউদ্দিন সম্রাট এই মামলা করেন বলে ফেনী থানার ওসি মো. নিজাম উদ্দিন জানান।

মিল মালিক তাজউদ্দিন বলেন, শুক্রবার রাতে ফেনী শহরের বড় বাজার থেকে পাওনা টাকা সংগ্রহ করে কারখানায় ফিরছিলেন জসিম উদ্দিন ও মিন্টু পাল নামে তার দুই কর্মচারী।

“তারা তাকিয়া রোডে পৌঁছালে কয়েকজন তাদের এলোপাতাড়ি কুপিয়ে ১৩ লাখ ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।”

আহত জসিম ও মিন্টুকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা হাসপাতাল গিয়ে তাদের খোঁজখবর নেন। তবে পুলিশ এখনও কাউকে ধরতে পারেনি।

পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে বলে জানিয়েছেন ওসি নিজাম উদ্দিন।