২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ও ছাত্রলীগের সমাবেশ ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে একই সময়ে বিএনপি ও ছাত্রলীগ সমাবেশ আহ্বান করায় ‘নিরাপত্তার স্বার্থে’ পুরো শহরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2022, 08:52 PM

Updated : 02 Aug 2022, 02:30 PM

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, “জেলা শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে শনিবার একই সময় ও একই স্থানে জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগ সমাবেশ ডেকেছে। তাই নিরাপত্তার স্বার্থে শুক্রবার সন্ধ্যায় ১৪৪ ধারা জারির ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।“

”এর ফলে শনিবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার, সামনের খোলা জায়গা, এর আশপাশসহ পুরো পৌর এলাকায় কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না,” যোগ করেন রুহুল আমিন।

বিএনপি জানায়, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তি ও বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার দাবিতে শনিবার দুপুরে ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারের সামনে তারা মহাসমাবেশের ডাক দিয়েছিলেন।

আর জেলা ছাত্রলীগ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানেই ছাত্রসমাবেশের ডাক দেয়।

এদিকে, শুক্রবার বিকালে জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা কমিটির সদস্য জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন তিন নেতাকে হেফাজতে নেওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করলেও কেন তাদের হেফাজতে নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি।