দল আমাকে নৌকার ভোটও পাওয়ার সুযোগ করে দিয়েছে: তৈমুর
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন নিয়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা; যাদের মধ্যে সবার আগ্রহের কেন্দ্রে রয়েছেন দুই মেয়র প্রার্থী; আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী আর স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার।
বিএনপি নির্বাচনে না যাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা তৈমুর আলম। আর নির্বাচনে যাওয়ায় দল তার পদ কেড়ে নিয়েছে। কিন্তু এতে বিশেষ সুযোগ হয়েছে বলে তৈমুরের দাবি।
তৈমুর বলেন, “আমার দল আমাকে ভালো কাজ করে দিয়েছে। এখন নৌকার ভোটও পাওয়ার সুযোগ করে দিয়েছে।”
তিনি এখন আর কোনো দলের অংশ নয় দাবি করে বলেন, “বিগত ৫০ বছরে নারায়ণগঞ্জে আমার কর্ম আছে। গণবিরোধী কোনো ভূমিকা নেই। জনগণ স্থানীয় নির্বাচনে স্থানীয়ভাবে চিন্তা করে। জাতীয়ভাবে চিন্তা করে না। সকলের সাড়া পাচ্ছি।”
আগামী ১৬ জানুয়ারির ভোট সামনে রেখে তিনি তার নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন।
বসে নেই সেলিনা হায়াৎ আইভী এবং অন্য চার মেয়র প্রার্থী আর কাউন্সিলর পদের প্রার্থীরা।
সবাই সকাল-বিকাল ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন এবং নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন যথারীতি।
শুক্রবার সকালে শহরের নবীগঞ্জ এলাকায় গণসংযোগ করেন তৈমুর আলম খন্দকার ও তার লোকজন। তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
তৈমুর বলেন, “আমি সকলের ভোট চাই। কে ভোট দেবে, কে দেবে না তা তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি আমাকে ভোট দিতে চায় কেউ বাধা দিতে পারবেন না। আর কেউ ভোট দিতে না চাইলে আমি তাকে জোর করতে পারব না।”
নির্বাচন কমিশনে এ বিষয়ৈ লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান।
তৈমুর বলেন, “নৌকার প্রার্থীর পক্ষে রাস্তার মধ্যে বড় বড় তোরণ নির্মাণ করা হচ্ছে। আমার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।”
প্রায় একই সময় হাজীগঞ্জ এলাকায় গণসংযোগ করেন সেলিনা হায়াৎ আইভী। এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
আইভী সাংবাদিকদের বলেন, “যেখানে যাচ্ছি সেখানেই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। ছোট ছোট বাচ্চা ও মা-বোনেরা রাস্তায় নেমে আসছেন। উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
“আমি প্রচারণা চালাচ্ছি, তৈমুর কাকাও প্রচারণা চালাচ্ছেন। কোথাও তাকে কেউ বাধা দেয়নি। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অসন্তোষ দেখা দেয়নি।”
আগামী ১৬ তারিখ পর্যন্ত এটি বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রচারে ব্যবহৃত মাইকের সংখ্যার বিষয়ে তিনি বলেন, “আচরণবিধি মেনে মাইক চালানো হচ্ছে। আমি তিনটি ওয়ার্ডে একটি মাইক দিয়েছি। তার (তৈমুর) মাইক সবচেয়ে বেশি চালানো হচ্ছে।”
“পাল্টাপাল্টি অভিযোগ থাকবেই। জনতা আমার পাশে আছে। নারায়ণগঞ্জের মা-বোনেরা আমাকে দীর্ঘদিন যাবত চেনে, জানে। নৌকা জয়যুক্ত হবে বলেই তিনি (তৈমুর) দিশেহারা হয়ে অনেক কিছু বলছেন। অভিযোগগুলো সঠিক কি না আপনারা খতিয়ে দেখবেন।”
আইভী বলেন, “নারায়ণগঞ্জের নির্বাচনের একটি চরিত্র আছে, আগে ও পরে মিলিয়ে একটা উৎসবমুখর পরিবেশ থাকে। এটি আমরা বজায় রাখব, ধরে রাখার চেষ্টা করব।
“জেলা ও মহানগর আওয়ামী লীগসহ তৃণমূলের সকলেই আমার সঙ্গে আছেন। তারা আমার পক্ষে নির্বাচন কাজ করছেন, ভোট চাইছেন।”
