২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্রসহ চার রোহিঙ্গাকে গ্রেপ্তারের খবর জানিয়েছে র‌্যাব।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2022, 12:27 PM

Updated : 25 Oct 2022, 10:08 AM

শুক্রবার ভোরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের বালুখালী-নাইক্ষ্যংছড়ি সড়ক সংলগ্ন রাবার বাগান এলাকার গহীন বন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান।

গ্রেপ্তাররা হলেন- উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকের বাসিন্দা মোহাম্মদ নুর (৩২), মো. নাজিমুল্লাহ (৩৪), থাইংখালী ১৩ নম্বর ক্যাম্পের এফ-২ ব্লকের মো. আমান উল্লাহ (২৩) ও কুতুপালং ১ নম্বর ক্যাম্পের বি-১১ ব্লকের মো. খাইরুল আমিন (১৯)।

খাইরুল বলেন, “কয়েকজন অস্ত্রধারীর অবস্থানের গোপন খবরে বৃহস্পতিবার রাতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেয়। ভোরের দিকে সন্দেহভাজন কয়েকজনকে র্যর‌্যাব থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ ধাওয়া দিয়ে চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়।”

গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে দুইটি দেশি বন্দুক, একটি বিদেশী পিস্তল, স্টেনগান, চারটি দেশী বন্দুক, পাঁচটি ম্যাগজিন ও ১২টি গুলি জব্দের খবরও জানিয়েছে র‌্যারের এ কর্মকর্তা।

তিনি বলেন, উদ্ধার করা অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছিল বলে গ্রেপ্তার রোহিঙ্গারা তাদের জানিয়েছে। তারা ক্যাম্পে নানা অপরাধের সঙ্গে জড়িত।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা হয়েছে।