পরাজিত প্রার্থীকে হত্যার অভিযোগ আরেক পরাজিতের বিরুদ্ধে
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ইউপি নির্বাচনে পরাজিত এক সদস্য পদপ্রার্থীকে লাঠির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে আরেক পরাজিতের বিরুদ্ধে।
বৃস্পতিবার নওপাড়া ইউনিয়নের নওপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মালেক মালত (৫৫) ৭ নম্বর ওয়ার্ডে সদস্য পদে নির্বাচন করে হেরে যান। তিনি ইউনিয়নের আজিজুল হক মুন্সীকান্দি গ্রামের প্রয়াত কচর আহাম্মেদ মালতের ছেলে।
গত মঙ্গলবার [৫ জানুয়ারি] ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরগ মার্কার সাধারণ সদস্য পদে নির্বাচন করে হেরে যান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে নড়িয়া থানার ওসি অবণী শংকর কর বলেন, পরাজিত মেম্বার প্রার্থী মালেক মালত বৃহস্পতিবার সকালে নওপাড়া বাজারে বাজার করতে যান। তখন তার প্রতিপক্ষ আরেক পরাজিত মেম্বার প্রার্থী মালেকের মাথায় বাঁশ দিয়ে আঘাত করেন। এরপর তাকে পাশের জেলা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি অবণী শংকর কর বলেন, নিহত মালেক মালত ও হামলাকারী আপন চাচাতো ভাই। দুজনই পরাজিত হয়েছেন। নির্বাচনের ফলাফল পাওয়ার পর বুধবার রাতে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।
ওসি বলেন, মরদেহটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করতে বলা হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।
