২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফেনীর পরশুরামে দোকান কর্মচারীকে পিটিয়ে হত্যার মামলায় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2022, 03:48 PM

Updated : 02 Aug 2022, 02:29 PM

গ্রেপ্তারকৃত নুরুজ্জামান ভুট্টু পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মঙ্গলবার রাতে গাজীপুরের টঙ্গীর চেরাগআলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব ৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে পরশুরাম থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর পরশুরামের দক্ষিণ কোলাপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়ায় শাহীন চৌধুরী (৬৫) নামে এক দোকান কর্মচারীকে  পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনায় তার স্ত্রী ফিরোজা বেগম ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয় থেকে সাতজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার ২ নম্বর আসামি চেয়ারম্যান নুরুজ্জামান।

পরশুরাম থানার ওসি মুহাম্মদ খালেদ দাইয়ান বলেন, মামলাটিতে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।