২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৩ ঘণ্টা পর নিভল গাজীপুরে কারখানার আগুন

গাজীপুরে এম অ্যান্ড ডিএম পোশাক কারখানার আগুন প্রায় ১৩ ঘণ্টার চেষ্টায় নেভানো হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 02:13 PM

Updated : 02 Aug 2022, 02:28 PM

জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে আগুন নেভানোর কাজ শেষ করেন তারা।

এর আগে সোমবার রাত পৌনে ১০টার দিকে গাজীপুরের সালনা এলাকার এই কারখানায় আগুন লাগে। কারখানার গুদামে কাপড়সহ উৎপাদিত বিভিন্ন পণ্য ছিল। সেখানে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুরের একটি এবং জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, দুটি স্টেশনের পাঁচ ইউনিটের কর্মীরা পাঁচ ঘণ্টার চেষ্টায় রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর পরদিন মঙ্গলবার বেলা ১১টার দিকে আগুন নেভানোর কাজ শেষ করেন তারা।

তবে তিনি অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ বলতে পারেননি।

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন  

অপরদিকে মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে একটি মিষ্টির দোকানে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি তিনি।