২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে তীব্র শীত: কাজের খোঁজে বেরিয়ে কষ্টে দরিদ্র

উত্তরের জেলা রংপুরে শীতের প্রকোপ বেড়েছে। কনকনে হিমেল হাওয়া আর কুয়াশার মধ্যে কাজের সন্ধানে বেরিয়ে বেশি কষ্ট পাচ্ছেন দ্ররিদ্র আর নিম্ন আয়ের মানুষ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 01:33 PM

Updated : 25 Oct 2022, 10:08 AM

মঙ্গলবার সকাল ৬টায় রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জেলার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

পৌষের মাঝামাঝিতে এসে শীত টের পাওয়া যাচ্ছে বাংলাদেশে, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে। দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তিতুলীয়া উপজেলায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর সোমবার রংপুরে তাপমাত্রার পারদ নেমেছিল ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে।    মঙ্গলবার সকালে রংপুরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, হাড় কাঁপানো শীতের কারণে শহরে লোকজন কম। দিনমজুর, রিকশা, ভ্যানচালকরা বের হলেও কাজ না পেয়ে জবুথবু হয়ে বসে আছেন। অনেক জায়গায় আগুন জ্বালিয়ে জটলা বেঁধে লোকজনকে শীত নিবার শীত নিবারণ করতে দেখা গেছে। ঘন কুয়াশার কারণে জেলার বিভিন্ন সড়কে দিনের বেলাও গাড়ি চালাতে হয়েছে হেডলাইট জ্বালিয়ে।

মডান মোড়ে কথা হয় ভ্যান চালক জোহর আলীর সঙ্গে বলেন, “শীতে অনেক কষ্ট পাচ্ছি। কিন্তু কি করব? পেট তো আর শীত বুঝে না। সংসারের তো চাহিদা পূরণ করতে হবে। ঘরে থাকলে তো আর পেট চলবে না।”

রংপুর নগরে কাজের সন্ধানে আসা দিনমজুর মিলন চন্দ্র দাশ বলেন, “সাতজনের সংসার। কাজ না করলে খাবো কি? হামার ঘরত তো কোন খাবার মজুত নাই, যে বাড়িত থাকমো বাহে। বাধ্য হয়ে তাই শীতের সকালে বাজারে আসতে হল যদি কেউ কাজ দেয়।” কুড়িগ্রামগামী বাসচালক আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঠাণ্ডায় হাত-পা বরফ হয়ে যাচ্ছে। ঘন কুয়াশার মধ্যে হেডলাইট জ্বালিয়ে তাই গাড়ি চালাচ্ছি।” রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কয়েক দিনের তীব্র শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন উপজেলার এতিমখানা ও মাদ্রাসা ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।