২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে হাসপাতাল থেকে সদ্যজাত শিশু ‘চুরি’

দিনাজপুর জেনারেল হাসপাতাল থেকে সদ্যজাত একটি মেয়েশিশু চুরি হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2022, 11:53 PM

Updated : 02 Aug 2022, 02:27 PM

সোমবার বেলা ১২টা থেকে ১টার মধ্যে এই ঘটনা ঘটে বলে স্বজন ও হাপাতাল কর্তৃপক্ষের ভাষ্য।  

হাপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা [আরএমও] সোহেল রানা শিশুর পরিবারের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ৯টায় জায়েদা বেগমের (৩৬) একটি কন্যা সন্তান হয়। বেলা ১টার দিকে প্রসূতির বড় বোন হাজেরা বেগম সেখানে থাকা একজন অজ্ঞাত মহিলার কাছে শিশুটিকে রেখে প্রসূতিকে নিয়ে টয়লেটে যান।

“প্রায় ১৫ মিনিট পর টয়লেট থেকে এসে দেখেন ওই মহিলাসহ শিশুটি নেই। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক কোতোয়ালি থানায় মৌখিক অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং তদন্ত কাজ শুরু করে।”

জাহেদার বড় বোন হাজেরা বেগম জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কারেন্হাটের আব্দুল লতিফের স্ত্রী জায়েদার এটি চতুর্থ কন্যা সন্তান। তার আগের তিন সন্তানও মেয়ে।

“মুখে চাদর ঢাকা ওই মহিলা আমাদের অপরিচিত। আমি না বুঝেই শিশুটিকে তার কাছে রেখে বোনকে নিয়ে টয়লেটে যাই।”

দিনাজপুর কোতোয়ালি থানার এসআই শামিম হক জানান, তারা প্রসুতি জায়েদার সঙ্গে কথা বলার পর তার বড় বোন হাজেরাকে জিজ্ঞাসাবাদসহ সিসি ক্যামেরার ভিডিও দেখে কয়েকজনকে সন্দেহের তালিকায় রেখে তদন্ত করছেন এবং শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেছেন।