ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে।
রোববার বেলা পৌনে ২টার দিকে উপজেলার চাকায় মোড় এলাকার দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বীরগঞ্জ ফায়ার স্টেশনের পরিদর্শক মেরাজ আলী জানান।
নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার মারকাই গ্রামের আফসার আলীর ছেলে শাহাদৎ (১৪), জাহাঙ্গীর হোসেনের ছেলে শাহরিয়ার শুভ (১৪) ও শুকুর আলীর ছেলে মুজাহিদ।
তাদের মধ্যে শাহাদৎ ও শাহরিয়ার শুভ বীরগঞ্জের কবি নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এবং মুজাহিদ অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীদের বরাতে মেরাজ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন বন্ধু মোটরসাইকেলে করে চাকাই মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়।
লাশ উদ্ধার করে আপাতত হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে বলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান।
