ইউপি নির্বাচন: ফেনীতে স্বতন্ত্র প্রার্থীর প্রচারে বাধার অভিযোগ
ফেনী সদর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলাসহ নানাভাবে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার দুপুর ১২টার দিকে ফেনী প্রেসক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন লেমুয়া ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস কোরাইশী।
তিনি বলেন, “আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের মোশারফ হোসেন নাসিম এলাকায় একক প্রভাব বিস্তার করছেন। আনারস প্রতীকের প্রচার ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলছেন। আমাকে প্রচার কাজে মাইক ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। আমার কর্মী-সমর্থকদের নিয়মিত হুমকি দিচ্ছেন।
“আমার স্ত্রী ও মা প্রচর চালাতে গেলে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। নৌকার প্রার্থীর লোকজন আমার বাড়িতে গিয়ে গালিগালাজ করছেন। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।”
তিনি আরও বলেন, “অব্যাহত হামলায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে। বারবার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হলেও কোনো প্রতিকার না পেয়ে সুষ্ঠু নির্বাচন দাবিতে ২৭ ডিসেম্বর নির্বাচন কমিশনসহ জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি।”
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে নৌকা প্রতীকের প্রার্থী মোশারফ হোসেন নাসিম বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। তিনি বা তার অনুসারী কোনো প্রার্থীর প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে না। স্বতন্ত্র প্রার্থী পরাজিত হবেন জেনে মিথ্যা রটাচ্ছেন।
জেলা নির্বাচন অফিসার মো. নাসির উদ্দিন পাটোয়ারী জানান, সদর উপজেলার ৫টি ইউপিতে চেয়ারম্যান পদে ও ১২টি ইউনিয়নে সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট গ্রহণ হবে।
আগামী ৫ জানুয়ারি এই ইউনিয়নগুলোতে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।
