কৃষির উন্নয়ন অব্যাহত থাকলে বিশ্বে প্রতিযোগিতা সম্ভব: কৃষিমন্ত্রী
এদেশের কৃষির বর্তমান উন্নয়ন অব্যহত থাকলে সারা পৃথিবীতে প্রতিযোগিতায় যাওয়া সম্ভব বলে মনে করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
শুক্রবার সকালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ক্যাম্পাসে আধুনিক শ্রমিক কলোনি – বহুতলবিশিষ্ট ভবন – উদ্বোধন করতে গিয়ে তিনি একথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, “আমাদের কৃষির উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে, তা অব্যহত থাকলে ইনশা-আল্লাহ আমরা সারা বিশ্বে প্রতিযোগিতায় যেতে পারব। আমরা মনে করি, কৃষিতে উৎপাদন বৃদ্ধি করে শুধু স্বয়ংসম্পূর্ণ নয়, উদ্বৃত্ত হব। উদ্বৃত্ত বিভিন্ন ফসল, বিশেষ করে যেগুলোকে ‘হাই ভ্যালু ক্রপ’ বা অর্থকরী ফসল বলা হয় সেইসব ফসল, শাকসব্জি, ফলমূল, প্রক্রিয়াজাত করে আমরা বিদেশে রপ্তানি করব।”
এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করছে বলে জানান মন্ত্রী।
নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনে বিজ্ঞানিদের পাশাপাশি কৃষি শ্রমিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিজ্ঞানিদের মেধা ও মনন আর কৃষি শ্রমিকদের শ্রম ও ঘামে দেশে শতাধিক উচ্চ ফলনশীল ধানের জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, যা দেশের খাদ্য নিরপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধামুক্ত ও দারিদ্রমুক্ত একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য,” উল্লেখ করে মন্দ্রী বলেন, “এটা সম্ভব হলে জাতিকে নিয়ে আমরা পৃথিবীতে গর্ব করে ও অহংকার করে কথা বলতে পারব।”
এই লক্ষ্য অর্জনে কৃষি সবসময়ই ভূমিকা রেখেছে; এবং আরও অনেক বেশি ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
এই মেশিনের মাধ্যমে ৩ থেকে ৪ বিঘা জমির ফসল প্রতি ঘণ্টায় কাটা সম্ভব এবং এর ‘হারভেস্টি লস’ শতকরা এক ভাগেরও কম বলে জানান মন্ত্রী।
তিনি জানান, দেশে তৈরি এ মেশিনের দাম পড়বে ১২ থেকে ১৩ লাখ টাকা। অথচ কোরিয়া, চীন ও জাপানসহ অন্য দেশের একই ধরনের মেশিনের মূল্য ২৫ থকে ৩০ লাখ টাকা।
“আমরা যদি ব্রির বিজ্ঞানিদের এ প্রযুক্তি তথা যন্ত্রটি ব্যবহার করতে পারি, তবে এটি হবে ব্রির বিজ্ঞানিদের জন্য অসাধারণ সাফল্য। বাংলাদেশের যান্ত্রিকীকরণে এটি একটি বিপ্লব ঘটাবে।”
কৃষির উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষিকে লাভজনক করার জন্য এটি অনন্য অবদান রাখবে বলে মন্ত্রী মনে করেন।
তিনি বলেন, “বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট একশরও বেশি ধানের জাত বাংলাদেশকে দিয়েছে। লবণাক্ততা, পানির জলমগ্নতাসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশে যাতে ধানের ভালো আবাদ করা যায় সে ধরনের ধানের জাত আমরা পেয়েছি।”
“আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটও গম, ভুট্টা, শাকসব্জি ফলমূলসহ প্রতিটি ফসলে নতুন নতুন প্রযুক্তি দিচ্ছে। উৎপাদন বৃদ্ধির জন্য উন্নত জাত এবং কম খরচে কিভাবে বেশি উৎপাদন করা যায় সেগুলো আমরা উদ্ভাবন করেছি।”
এর আগে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ব্রি ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
তিনি ব্রির সম্প্রতি উদ্ভাবিত নতুন (ধান কাটার মেশিন) ‘কম্বাইন্ড হার্ভেস্টার’ প্রযুক্তি পরিদর্শন করেন।
এ সময় ব্রি মহাপরিচালক মো. শাহজাহান কবির মন্ত্রীকে ব্রি উদ্ভাবিত ধান কাটা ও মাড়াই যন্ত্র ‘ব্রি হোল ফিড কম্বাইন হারভেস্টার’ সম্বন্ধে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন।
পরে মন্ত্রী বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে শ্রমিক কলোনির নবনির্মিত ভবন উদ্বোধন করেন।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব (বিদায়ী) মো. মেজবাহুল ইসলাম, নবনিযুক্ত কৃষি সচিব মো. সাইদুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, ব্রির মহাপরিচালক মো. শাহজাহান কবির প্রমুখ তার সঙ্গে ছিলেন।
