২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

বাগেরহাট সদর উপজেলায় ‘বাকিতে পণ্য বিক্রি না করায়’ মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2021, 12:23 PM

Updated : 02 Aug 2022, 06:46 PM

হত্যার পরপরই দোকান থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক শেখ মো. রেফাতুল ইসলাম।

নিহত মল্লিক দোলোয়ার হোসেন (৫৫) সদর উপজেলার রণবিজয়পুর গ্রামে ইমান মল্লিকের ছেলে। খানজাহান আলী মাজার এলাকায় মুদি দোকান চালাতেন তিনি।

আটক শেখ হুমায়ুন কবির (২২) পাশের সুন্দরঘোনা গ্রামের মহিদ শেখের ছেলে।

পরিদর্শক রেফাতুল প্রাথমিক তদন্তের তথ্যে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দেলোয়ারের দোকানে কেনাকাটা করতে যান কবির। বিভিন্ন পণ্য প্যাকেট করার পর টাকা না দিয়ে বাকি রাখতে চান কবির। দোকানি তাতে রাজি হননি।

“দোকান থেকে রড নিয়ে দোকানির মাথায় একাধিক আঘাত করেন কবির।”

তাকে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিদর্শক রেফাতুল বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে কবিরকে ওই মুদি দোকান থেকে আটক করে।

“কবির মুদিদোকানের ভেতরে ঢুকে ঝাঁপ বন্ধ করে দিয়েছিলেন। পুলিশ গিয়ে অনুরোধ করলে দরজা খুলে দেন কবির। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে কবির দোকানে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন। পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন কবির।”

এ ঘটনায় নিহত দোলোয়ারের পরিবার থানায় মামলা করেছেন বলে জানান পরিদর্শক রেফাতুল ইসলাম।