জাবি ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানোর দাবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানো এবং মান বৃদ্ধির দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের উপ-পরিচালক নাসরিন সুলতানার হাতে স্মারকলিপি দেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।
স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘ ১৯ মাস পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা হোঁচট খায় খাবারের দাম দেখে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় খাবারের মূল্য বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। শিক্ষার্থীরা ভেবেছিলেন অন্তত ক্যাফেটেরিয়ায় স্বল্পমূল্যে খাবার পাবেন। অথচ শিক্ষার্থী ও তাদের পরিবারের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় না নিয়ে ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষও খাবারের মূল্য বৃদ্ধি করেছে দফায় দফায়।
স্মারকলিপিতে আরও বলা হয়, ক্যাফেটেরিয়ায় এখন এক টুকরো মাছ খেতে সর্বোচ্চ ১০০ টাকা এবং সর্বনিম্ন ৬০ টাকা ব্যয় করতে হয় একজন শিক্ষার্থীকে, যা বিশ্ববিদ্যালয়ের যে কোনো খাবারের দোকানের চেয়ে ২০ থেকে ৬০ টাকা বেশি। এক টুকরো মাংসের দাম ১০০ টাকা।
স্মারকলিপিতে চারটি দাবি দেওয়া হয়।
প্রথমত: পর্যাপ্ত ভর্তুকি দিয়ে ক্যাফেটেরিয়ার খাবারের মূল্য কমাতে হবে এবং খাবারের মানোন্নয়ন করতে হবে।
দ্বিতীয়ত: ৭ দিনের মধ্যে প্রস্তাবিত মূল্য তালিকা কার্যকর করতে হবে। তৃতীয়ত: খাবারের মূল্য কমানোর ফলে মেন্যু থেকে কোনো খাবার বাদ দেওয়া যাবে না। মেন্যুতে ক্রমান্বয়ে পুষ্টিকর খাবার যুক্ত করতে হবে। চতুর্থত: সকাল ৭টা থেকে অন্তত রাত ১০টা পর্যন্ত ক্যাফেটেরিয়া খোলা রাখতে হবে এবং রাতের খাবারের ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের ভবন, চেয়ার, টেবিল, কর্মকর্তা-কর্মচারী, ওয়েটার, বাবুর্চি, গ্যাস, বিদ্যুৎ, পানি ব্যবহার করে আমাদের ক্যাফেটেরিয়ায় রমরমা বাণিজ্য চলছে। সেখানে খাবারের মূল্য ক্যাম্পাসের যে কোনো খাবারের দোকানের চেয়ে বেশি।”
ক্যাফেটেরিয়া প্রতিদিন রাত ১০টা পর্যন্ত খোলা রাখতে হবে এবং খাবারের মূল্য সকল শিক্ষার্থীর ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, বলেন তিনি।
সাত দিনের মধ্যে দাবি পূরণ না হলে ছাত্র ইউনিয়ন কঠোর কর্মসূচিতে যাবে বলে তিনি হুঁশিয়ার করেন।
ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালকের পক্ষে উপ-পরিচালক নাসরিন সুলতানা এ স্মারকলিপি গ্রহণ করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানো ও মান বৃদ্ধির প্রসঙ্গে ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে একটি স্মারকলিপি পেয়েছি। এ নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলব।”
এর আগে ক্যাফেটেরিয়ার খাবারের দাম কমানো ও মান বৃদ্ধি করা এবং সপ্তাহে ৭ দিন সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাফেটেরিয়া খোলা রাখাসহ চার দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি করে ছাত্র ইউনিয়ন জাবি সংসদ।
এতে ৬০৪ জন শিক্ষার্থী সমর্থন জানিয়ে স্বাক্ষর করেন, যা উপ-পরিচালক বরাবর স্মারকলিপিসহ প্রদান করা হয় বলে জানান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক তাসবিবুল গনি নিলয়।
