ভারতে ছাপানো বই এল বেনাপোলে, চার জেলায় বিতরণ
ভারতে ছাপানো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পাঁচ লাখের বেশি বই বেনাপোল বন্দরে আসার পর চার জেলার পাঠানো হয়েছে।
বুধবার এসব বই পেট্রাপোল হয়ে বেনাপোল আসে। বৃহস্পতিবার রাতে খালাস করার পরই বইগুলো বিভিন্ন জেলায় পাঠানো হয় বলে বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বই বন্দর থেকে ছাড়করণের দায়িত্বে থাকা সিএন্ডএফ এজেন্ট বেনাপোলের মেসার্স অ্যানেক্স ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী ফারুক হোসেন উজ্জ্বল বলেন, বৃহস্পতিবার রাতে খালাসের পর বন্দর থেকে বই নিয়ে ১১টি ট্রাক কুষ্টিয়া, যশোর, মেহেরপুর ও ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে গেছে। এই চার জেলার ১১টি উপজেলায় বইগুলো যাবে।
বই বোঝাই ট্রাক যাতে দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারে তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।
ভারতে ছাপানো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের এ চালানে ৫ লাখ ২৯ হাজার ৮৩৩টি বই বুধবার ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পাঁচটি ট্রাকে বেনাপোল বন্দরে প্রবেশ করে বলে জানান বেনাপোল বন্দরের ২৭ নম্বর পণ্যগারের ইনচার্জ (ট্রাফিক ইন্সপেক্টর) আব্দুল হাফিজ।
বই খালাস ও বিভিন্ন জেলায় পাঠানোর সময় উপস্থিত ছিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কন্ট্রোলার অফ প্রডাকশন সাইদুর রহমান।
বই সরবরাহকারী বীর মুক্তিযোদ্ধা কাজী সিরাজুল হক বলেন, “যদিও আমরা বইগুলো একটু দেরিতে পেয়েছি তারপরও প্রধানমন্ত্রীর এই মহৎ উদ্যোগ সফল করতে যথাসময়ে পাঠ্যপুস্তকগুলো যথাস্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।”
বেনাপোল শুল্কভবনের কমিশনার আজিজুর রহমান বলেন, ভারত থেকে আমদানিকৃত এই পাঠ্যপুস্তক দ্রুত ছাড় করা হয়েছে।
