পাঠ্যসূচিতে আলবদরের বর্বরতা তুলে ধরতে হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী
মুক্তিযুদ্ধের ইতিহাসের পাশাপাশি পাকিস্তানি হানাদার ও আলবদর বাহিনীর বর্বরতার চিত্রও পাঠ্যসূচিতে তুলে ধরা প্রয়োজন বলে মনে করেন মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক আলোচনায় তিনি বলেন, “আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠ্যসূচিতে পরিবর্তন আনা দরকার। শুধু মুক্তিযুদ্ধের গৌরবাজ্জ্বল ইতিহাস নয়, পাশাপাশি হানাদার, আলবদর বাহিনীর নির্মম বর্বর কর্মকাণ্ডের চিত্রও তুলে ধরতে হবে পাঠ্যসূচিতে।”
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (বাউবি) অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে সভায় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বিশেষ অতিথি ছিলেন।
আরও বক্তব্য রাখেন বাউবির কোষাধ্যক্ষ অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, প্রো-উপাচার্য অধ্যাপক মাহবুবা নাসরীন (শিক্ষা) ও প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক নাসিম বানু।
মেহের আফরোজ চুমকি বলেন, বাঙালি জাতিসত্তার গৌরবময় ইতিহাস নিশ্চিহ্ন করতে যুগে যুগে ষড়যন্ত্র চালিয়েছে একটি অপশক্তি।
তাদের এই চক্রান্ত রুখে দিতে তিনি শিক্ষক শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান।
উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতার বঙ্গবন্ধুর আদর্শ ও দর্শনকে লালন করে সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এর আগে বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রর উদ্যোগে এক লোক বক্তৃতার আয়োজন করা হয়।
এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে বক্তৃতা প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর আতিউর রহমান।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
