২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ‘শিবিরের গোপন সম্মেলন’, আটক ৩

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষ থেকে তিন জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে দুই জন ইসলামী ছাত্র শিবিরের কর্মী বলছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2021, 08:43 PM

Updated : 02 Aug 2022, 06:45 PM

বুধবার দুপুরে অভিযান চলাকালে সেখানে শিবিরের সিলেট জেলার [পশ্চিম] কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল বলে মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ জানান।

আটকরা হলেন সিলেট শহরতলীর জালালাবাদ থানার আটগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আমিনুর রহমান, দক্ষিণ সুরমার সিলামের আসাদ মিয়ার ছেলে শাহার আহমদ ও তানভির আহমদ নামের আরেক যুবক।

আজবাহার আলী বলেন, মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগার কক্ষে শিবিরের সিলেট জেলা [পশ্চিম] কেন্দ্রীয় সদস্য সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জামায়াত-শিবিরের দায়িত্বশীল অনেক নেতা উপস্থিত থেকে দলীয় কার্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছিলেন – এমন খবর পেয়ে বেলা ১২টার দিকে অভিযান চালায় কোতোয়ালি থানার একদল পুলিশ।

“এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অর্ধশতাধিক নেতাকর্মী পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুইজন শিবিরকর্মীসহ তিন জনকে আটক করা হয়।”

অভিযানকোলে পুলিশ ব্যানার, ডাইরি, আইডি কার্ড উদ্ধার এবং একটি মোটরসাইকেল জব্দ করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আলিয়া মাদ্রাসার পরিত্যক্ত পাঠাগারে কীভাবে ছাত্রশিবিরের নেতাকর্মীরা সম্মেলনের আয়োজন করে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান আজবাহার আলী শেখ।

পুলিশ বলছে, এক সময় সিলেটের আলিয়া মাদ্রাসায় জামায়াত-শিবিরের আস্তানা ছিল। সেখানে বসে দলীয় কার্যক্রম চালাত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে জামায়াত-শিবির নিয়ন্ত্রিত সেই আস্তানা ভেঙে দেওয়া হয়। সম্প্রতি জামায়াত-শিবিরের নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে আবার তৎপর হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার মোহাম্মদ আলী মাহমুদ বলেন, “যতটুকু জেনেছি মাদ্রাসায় শিবিরের নেতাকর্মীদের নিয়ে সম্মেলন চলছিল। পুলিশ জামায়াত-শিবিরের যেকোনো তৎপরতা রুখে দেবে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।”