বাঘাইছড়িতে গোলাগুলি, দুইজনের লাশ
রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ের দুই আঞ্চলিক দলের ‘গোলাগুলির’ পর দুজনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
বাঘাইছড়ি থানার এসআই মো. আসাদ জানান, বুধবার বেলা ১টার দিকে উপজেলার রূপকারী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ‘দুই কিলো’ এলাকায় দুই পক্ষের মধ্যে ঘণ্টাখানেক গোলাগুলি হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ- গণতান্ত্রিক) নিহতদের একজনকে নিজেদের সদস্য দাবি করে এ ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (জেএসএস) দায়ী করেছে। তবে এ বিষয়ে সন্তু লারমার দল জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসআই আসাদ বলেন, “ঘটনাস্থলে দুইজনের মৃতদেহ পড়ে ছিল। আমরা লাশ উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।”
গোলাগুলিতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে সেখানে যাচ্ছেন বলে জানালেন বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শ্যামল চাকমা।
আর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বলেছেন, দুইজন নিহত হওয়ার পাশাপাশি সেখানে একজন আহত হয়েছেন বলেও তিনি ‘শুনেছেন’।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) সভাপতি শ্যামল কান্তি চাকমার দাবি, গুলিতে নিহতদের একজন তাদের উপজেলা সমন্বয়ক জেনন চাকমা।
“তিনি দোকানে বসে ছিলেন, এমন সময় সন্তু লারমার জেএসএস দলের কিছু সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে।”
তবে অন্যজনের পরিচয় কী, কীভাবে তিনি মারা গেছেন- সে বিষয়ে ‘কিছু জানেন না’ বলে দাবি করেন ইউপিডিএফ নেতা।
তার অভিযোগের বিষয়ে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) কারও বক্তব্য জানা যায়নি।
