২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ১৪৪ ধারা ভেঙে বিএনপির পথসভা, পুলিশের সঙ্গে হাতাহাতি

ফেনীতে ১৪৪ ধারা ভেঙে পথসভা করেছে বিএনপি; পুলিশ বাধা দেওয়ায় হয়েছে ধস্তাধস্তি।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2021, 02:49 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার দুপুরে ফেনী শহরের ওয়াপদা মাঠে সমাবেশের ডাক দেয় জেলা বিএনপি। একই সময় জেলা যুবলীগ সমাবেশের ডাক দিলে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেসবাহ উদ্দিন বলেন, “এটা আমাদের পূর্বনির্ধারিত জনসভা। সকাল থেকে নেতা-কর্মীর শহরের ইসলামপুর রোডে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হয়। কিন্তু সকাল ১০টার দিকে পুলিশ এসে ছত্রভঙ্গ করে দিতে চাইলে নেতা-কর্মীদের সঙ্গে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।”

এ সময় পুলিশের দিকে ইটপাটকেল ছোড়া হয়। এতে পরিস্তিতি উত্তপ্ত হয়। তবে বিএনপির পক্ষ থেকে ইটপাটকেল ছোড়া হয়নি বলে মেসবাহ উদ্দিনের দাবি।

তিনি বলেন, “দুর্বৃত্তরা বেশ কিছু ইটপাটকেল ছোড়ে। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”

এ সময় দুই পথচরী আহত হয়েছেন বলে স্থানীয়রা জানালেও কেউ তাদের নাম-ধাম বলতে পারেননি।

পরে পুলিশের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিএনপি নেতারা।

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সহ-দপ্তর সম্পাদক বেলাল আহম্মেদ সেখানে ছিলেন।

মেসবাহ উদ্দিন বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করছি আমরা। কর্মসূচি ভণ্ডুল করতে যুবলীগ অজাচিত সমাবেশ ডেকেছে আর প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এভাবে করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।”

“বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা সুনিশ্চিত করতে আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে,” বলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন।

১৪৪ ধারা ভঙ্গ সম্পর্কে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল বলেন, “এই ১৪৪ ধারা অন্যায়। এর বিরুদ্ধে সকাল থেকে শহরের বিভিন্ন জায়গা জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন আমাদের নেতাকর্মীরা।”

পুলিশ ১৪৪ ধারা ভাঙা বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি।

ফেনী থানার পরিদর্শক (অপারেশন) মাহফুজুল হক বলেন, “বিএনপি নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে এলাকা থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

তাছাড়া ওয়াপদা মাঠসহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং মঙ্গলবার রাত থেকে শহরজুড়ে পুলিশের টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ফেনী থানার ওসি মো. নিজাম উদ্দিন।

তবে সমাবেশ ডাকলেও যুবলীগের নেতাকর্মীরা মাঠে আসেনি।

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ বলেন, “প্রশাসনের প্রতি আমরা সব সময় শ্রদ্ধাশীল। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় আপাতত আমরা আমাদের প্রোগ্রাম করছি না।”