২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাস্টারপাড়ায় মুজিব উদ্যানে শায়িত জয়নাল হাজারী

বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ, আওয়ামী লীগের উপদেষ্টা জয়নাল আবেদীন হাজারী চিরনিদ্রায় শায়িত হয়েছেন ফেনীর মাস্টাপাড়ায় নিজ বাড়ির মুজিব উদ্যানে।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2021, 08:37 PM

Updated : 10 Oct 2022, 06:29 PM

মঙ্গলবার বিকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

ফেনী জহিরিয়া মসজিদের খতিব মুফতি ইলিয়াস হোসেনের ইমামতিতে জানাজায় সর্বস্তরের লাখো মানুষ অংশগ্রহণ করেন। 

Image
ফেনী পাইলট স্কুল মাঠে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন হাজারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ফেনী পাইলট স্কুল মাঠে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন হাজারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারীকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।

জানাজার আগে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক সাংসদ ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদীন [ভিপি জয়নাল], সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, চট্টগ্রাম সিটি কর্পোরেশের প্রশাসক খোরশেদ আলম সুজন, জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, জয়নাল হাজারীর ভাগিনা সাফায়েত হোসেন লিটু প্রমুখ।

জানাজায় ফেনীর পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, প্রশাসনের ঊর্ধ্বর্তন কর্মকর্তা ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

গত সোমবার বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নাল হাজারী মারা যান।

Image
ফেনী পাইলট স্কুল মাঠে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন হাজারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ফেনী পাইলট স্কুল মাঠে মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদীন হাজারীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

চিরকুমার জয়নাল হাজারীর ফেনী মাস্টারপাড়ার বাড়ির নাম ‘শৈল কুটির’। এখানেই রয়েছে মুজিব উদ্যান।

১৯৮৪-২০০৪ পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জয়নাল হাজারী। ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ ও ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০১ সালের ১৬ অগাস্ট রাতে জয়নাল হাজারীর বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। তিনি তখন পালিয়ে আত্মগোপনে ভারতে চলে যান। ২০০৪ সালে হাজারীকে দল থেকে বহিষ্কার করা হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে তিনি ভারত থেকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করেন। পরে সব মামলা থেকে একে একে অব্যাহতি পান প্রবীণ এই রাজনীতিবিদ। দেড় দশক পর ২০১৯ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পদ পান তিনি।