হবিগঞ্জে ‘মেডিকেল টেকনোলজিস্টকে’ কুপিয়ে হত্যা
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের এক ‘মেডিকেল টেকনোলজিস্টকে’ কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত হামলাকারীরা।
মঙ্গলবার বিকালে শহরের টাউনহল রোডে তার উপর এই হামলা হয় বলে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ জানান।
নিহত সাইফুল ইসলাম (২৮) জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ‘মেডিকেল টেকনোলজিস্ট’ (ল্যাব টেকনোশিয়ান) হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মমিন উদ্দিন জানান, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের ‘মেডিকেল টেকনোলজিস্ট’ (ল্যাব টেকনোশিয়ান) সাইফুল বিকালে শহরের টাউনহল রোড এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে রিকশাযোগে হাসপাতালে আসছিলেন। পথে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।
“স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে সে মারা যায়।”
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে এবং জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে।”
