গোলাপগঞ্জে নির্বাচনী সংঘাতের ঘটনায় মামলা, আসামি কয়েকশ
সিলেটের গোলাপগঞ্জে নির্বাচনের ফল নিয়ে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় কয়েকশ অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা হয়েছে।
গোলাপগঞ্জ থানার এসআই মহরম আলী সোমবার রাতে বিশেষ ক্ষমতা আইনে এই মামলা দায়ের করেন বলে জানান থানার ওসি হারুনূর রশীদ চৌধুরী।
তিনি বলেন, মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনকে আসামি করা হয়েছে।
ঘটনাস্থল থেকে ‘কয়েকজনকে’ আটক করা হয় বলে জানালেও পুলিশ নির্দিষ্ট সংখ্যা বলেনি। তবে তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি হারুনূর রশীদ।
গ্রেপ্তারকৃতরা হলেন গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর দক্ষিণ মাইজভাগ গ্রামের তোয়ারিছ আলীর ছেলে মো. ফলিক আহমদ (৩০), গোলাপগঞ্জ পৌরসভার দীঘিরপার গ্রামের সাদেক আলীর ছেলে মিরন আহমদ (২৮), ফুলবাড়ি টিকরপাড়া গ্রামের শফিক আহমদের ছেলে কামরান আহমদ (২৫) ও একই গ্রামের মস্তর আলীর ছেলে আব্দুর রহিম (৩৮)।
ফুলবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার রাতে ভোট গণনা শেষে ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ফল না মেনে নিয়ে জামায়াত ইসলামীর চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেনের সমর্থকরা বৈটিকর বাজারে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করেন।
এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দিতে চাইলে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান লক্ষ্মীপাশা ইউনিয়নের রামপা গ্রামের আবদুস সালাম। তিনি সাইকেল-রিকশার মেকানিক ছিলেন।
সংঘর্ষ থামাতে ও অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৬৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে বলে জানান ওসি।
