২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে বাস চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

গোপালগঞ্জে বাস চাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন; আহত হয়েছেন দুই শিক্ষার্থীসহ আরও তিন জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2021, 10:54 PM

Updated : 08 Apr 2022, 12:03 AM

সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাইসুল ইসলাম শুভ (২২) গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। তিনি বগুড়ার কাহালু উপজেলার শাসছুল ইসলামের ছেলে।

আহতদের মধ্যে ভ্যান চালক লিকু শেখকে (৫৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দুই আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপাপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, শুভর দুই বন্ধু চীনে পড়াশোনা করেন। তারা গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শুভর কাছে বেড়াতে আসেন।

ওসি বলেন, তাদের নিয়ে শুভ একটি ভ্যানে করে খাবার খেতে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন। পথে তাদের ভ্যানের চাকা পাংচার হয়ে যায়।

“এ সময় ঢাকা থেকে খুলনাগামী দোলা পরিবহনের একটি বাস ভ্যানটিকে চাপা দিলে ওই তিন শিক্ষার্থীসহ ভ্যান চালক আহত হন।”

তাদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন।

আহত ভ্যান চালক লিকু শেখকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুশিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।