জয়নাল হাজারীর জানাজা ফেনী পাইলট স্কুল মাঠে
ফেনীর সাবেক সাংসদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারীর নামাজে জানাজা হবে ফেনী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে।
ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী একথা জানান।
সোমবার বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।
নিজাম উদ্দিন হাজারী বলেন, "জয়নাল হাজারীর মৃত্যুতে আমি মর্মাহত। তিনি দলের প্রবীণ নেতা। তিনি আমার পরিবারের স্বজন। মঙ্গলবার দুপুরে ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠানের ব্যবস্থা করা হচ্ছে।”
জয়নাল হাজারীর রাজনৈতিক সহযোগী শাখাওয়াত হোসেন ভূঞাঁ জানান, বার্ধক্যজনিত নানা রোগে ভুগে জয়নাল হাজারী কয়েকদিন যাবত রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। বেশ কিছুদিন ধরে হৃদরোগ বিশেষজ্ঞ সোহরাবুজ্জামানের তত্ত্বাবধানে ছিলেন।
১৯৪৫ সালে জন্ম নেওয়া জয়নাল হাজারী আজীবন আওয়ামী লীগেই যুক্ত ছিলেন। ১৯৮৪ থেকে ২০০৪ সাল পর্যন্ত দুই দশক ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিন বার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
১৯৯৬-২০০১ মেয়াদে হাজারীর কর্মকাণ্ডের কারণে তখনকার আওয়ামী লীগ সরকারকেও সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেওয়ার পর ১৬ অগাস্ট রাতে যৌথবাহিনীর (বিডিআর-পুলিশ) তল্লাশির সময় পালিয়ে ভারতে চলে যান হাজারী।
দীর্ঘ আট বছর দেশের বাইরে থাকার পর ২০০৯ সালে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরলে দেশে ফেরেন তিনি।
ফেনীর মাস্টারপাড়ায় চিরকুমার জয়নাল হাজারীর একটি বাড়ি রয়েছে। তার মৃতদেহ সেখানে আনার এবং মাস্টারপাড়ায় পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করার কথা রয়েছে বলে দলের নেতারা জানিয়েছেন।
