২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১৪৪ ধারা জারি, সমাবেশ করতে ‘অনড়’ বিএনপি

আওয়ামী লীগ ও বিএনপি একই স্থানে সমাবেশ ডাকায় নওগাঁ শহরে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। তবে কর্মসূচিতে অনড় অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিএনপি।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2021, 07:38 PM

Updated : 02 Aug 2022, 06:45 PM

সোমবার বেলা ১১টায় জেলা বিএনপির এক সংবাদ সম্মেলনে এই কথা জানানো হয়।

চেয়ারপারশন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে ২৮ ডিসেম্বর শহরের নওজোয়ান মাঠে জনসমাবেশ করতে প্রশাসনের অনুমতি চেয়েছিল বিএনপি।

কিন্তু নওজোয়ান মাঠসহ কয়েকটি স্থানে একই দিন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সমাবেশ ডাকায় প্রশাসন নওগাঁ পৌরসভায় সোমবার [২৭ ডিসেম্বর] বিকাল ৩টা থেকে বুধবার [২৯ ডিসেম্বর] বিকাল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ বলেন, পরস্পর বিরোধী দুটি সংগঠন একই স্থানে ও একই সময়ে সভা আহবান করায় আইনশৃংখলার অবনতি ও জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।

“আদেশ সোমবার বিকাল ৩টা থেকে কার্যকর হয়ে বুধবার বিকাল ৩টা পর্যন্ত বলবৎ থাকবে। এ সময় সকল ধরনের সমাবেশ মিছিল নিষিদ্ধ করা হয়েছে।”

দুপুরে নওগাঁ পৌর এলাকায় ১৪৪ ধারা জারির মাইকিং করেছে জেলা প্রশাসন।

এদিকে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মাষ্টার বলেন, বিএনপি চেয়ারপারশন খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে ২৮ ডিসেম্বর নওজোয়ান মাঠে জনসমাবেশ আহবান করে জেলা বিএনপি।

তিনি বলেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে একই সময়ে একই দিনে নওজোয়ান মাঠ, এটিম মাঠ ও কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে যথাক্রমে জেলা যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা যুবলীগ সমাবেশ আহবান করে।

“এ অবস্থায় আমরা জানতে পারছি প্রশাসন ১৪৪ ধারা জারি করছে। প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হলে আমরা পৌর এলাকার বাইরে সমাবেশ করব। না হলে পূর্ব নির্ধারিত জায়গায় সমাবেশ হবে। এ বিষয়ে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব; কিন্ত ২৮ তারিখে বিএনপির চেয়ারপারশন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ হবেই তা পৌরসভার ভেতরে কিম্বা বাইরে যেখানেই হোক।”

সংবাদ সন্মেলনে জেলা বিএনপির সাবেক সভাপতি ও নওগাঁ পৌর মেয়র নজমুল হক সনি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, জেলা নেতা  মামুনুর রহমান রিপন, শহিদুল ইসলাম টুকু, এ জেড এম রফিকুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে নওগাঁ জেলা যুবলীগ সভাপতি খোদাদাদ খান পিটু বলেন, “আমরা কোনো প্রতিহিংসা মুলকভাবে কর্মসূচি গ্রহণ করিনি। মুজিববর্ষ হিসেবে আমাদের কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। কাকতালীয়ভাবে দুটি সংগঠনের একই দিনে একই সময়ে একই মাঠে সমাবেশ আহবান করা হয়েছে।”