জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ প্রতিষ্ঠার ১০ম বার্ষিকী উদযাপন করেছে।
মঙ্গলবার সকাল থেকে সারা দিন বিভাগের পক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অংশ হিসেবে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা একটি শোভাযাত্রায় অংশ নেন। এর আগে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নুরুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) মঞ্জুরুল হক, কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান।
শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে কলা ও মানবিকী অনুষদ ভবনের সামনে এসে শেষ হয়।
সকাল ১১টায় বিভাগের করিডরে দুই উপ-উপাচার্য এবং ডিনকে সঙ্গে নিয়ে কেক কাটেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
এরপর জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘গণমাধ্যমে জনস্বার্থ: কালের পরিক্রমা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।
এই সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্য উপাচার্য বলেন, “সংবাদ জগতে ইতিবাচক এবং নেতিবাচক সংবাদ ভিন্ন রকমের প্রতিক্রিয়া সৃষ্টি করে। ইতিবাচক সংবাদ মানুষকে অনুপ্রাণিত করে এবং নেতিবাচক সংবাদ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিস্তেজ করে দিতে পারে।”
অনুপ্রাণিত করা সংবাদকর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে; সেজন্য ইতিবাচক সংবাদ পরিবেশনে গুরুত্ব পাওয়া উচিত বলে তিনি মনে করেন।
উপাচার্য বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের প্রতি কর্তব্য পালন করতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
সভায় মুখ্য আলোচক সাংবাদিক আবেদ খান বলেন, সংবাদ পচনশীল। সে জন্য সংবাদ পরিবেশনে বিলম্ব করার সুযোগ না থাকলেও সংবাদের সত্যাসত্য যাচাই করার আবশ্যকতা রয়েছে।
“কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সংবাদের সত্যাসত্য যাচাইয়ের সময় পাওয়া যাচ্ছে না। মুহূর্তের মধ্যেই সংবাদ চলে আসছে। সংবাদ পরিবেশনের এই প্রতিযোগিতার ফলে ভুলভ্রান্তির আশংকা থেকে যাচ্ছে। এতদসত্ত্বেও সততা ও স্বচ্ছতার শক্তিতে আজও সাংবাদিকতা টিকে আছে।”
একজন সাংবাদিককে ২৪ ঘণ্টাই সচেতন এবং দায়িত্বশীল থাকতে হয় উল্লেখ করে আবেদ খান বলেন, একটি ঘটনার বৃত্ত থেকে বিন্দুতে নিয়ে যাওয়া সাংবাদিকের কাজ। মানুষজন, পরিবেশ, প্রতিবেশ সবকিছু নিয়েই সাংবাদিকতা করতে হয়।
আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মফিজুর রহমান এবং সাংবাদিক শাহনাজ মুন্নী।
সভায় সাংবাদিক আবেদ খানকে সাংবাদিকতা বিভাগের পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।
বিভাগীয় সভাপতি শেখ আদনান ফাহাদের সভাপতিত্বে আলোচনা সভাটি সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম।
