গাজীপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
গাজীপুরের পূবাইলে চালককে হত্যা করে ছিনতাইকারী তার অটোরিকশা নিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
পূবাইল থানার ওসি মহিদুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
নিহত রমজান ভুঁইয়া (৩০) নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার মহাজমপুর এলাকার দাইয়ান ভূঁইয়ার ছেলে। গাজীপুর শহরের হাড়িনাল এলাকায় আব্দুল আজিজু হকের বাড়িতে বাসায় ভাড়া থেকে আটোরিকশা চালাতেন তিনি।
ওসি মহিদুল পরিবারের বরাতে বলেন, রমজান রোববার রাত ৮টার দিকে বরুদা এলাকার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাসায় ফেরেননি। সকালে পূবাইল-জয়দেপুর সড়কের পাশে ইছালি ব্রিজের কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।
“তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যার পর তার অটোরিকশা নিয়ে গেছে।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
