২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বরূপে ফিরছে গদখালি ফুলের বাজার

যশোরের গদখালির ফুলের বাজার গত বছর মহামারীর কারণে মন্দা গেছে। এ বছর পরিস্থিতি কিছুটা ভালো হওয়ায় বিভিন্ন উৎসবে ফুলের চাহিদা থাকায় ব্যবসা আবার চাঙা হয়ে উঠেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি, আসাদুজ্জামান আসাদ 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 02:06 PM

Updated : 10 Oct 2022, 06:28 PM

ব্যবসায়ীরা বলছেন, ডিসেম্বরে বুদ্ধিজীবী দিবস আর বিজয় দিবসে কোটি টাকার ফুল বিক্রি করছেন তারা। মার্চ পর্যন্ত আরও কয়েকটি উৎসব রয়েছে। এই সময়ে ফুল বিক্রি ভালো হলে ক্ষতি পোষানো যাবে।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান , গত বছর এ সময় সব বন্ধ থাকায় ব্যবসা হয়নি। এ বছর ফুলের উৎপাদন, চাহিদা, দাম ও বেচাকেনা ভাল হওয়ায় গদখালির ফুল চাষিদের মুখে হাসি ফুটেছে। এবার বিজয় দিবসে দেড় কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। এতে করোনাভাইরাস ও আম্পান ঝড়ের ক্ষতি কাটিয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন ব্যবসায়ীরা।

সূর্য ওঠার আগেই চাষি-পাইকার, মজুরের হাঁকডাকে মুখর হয়ে ওঠে যশোর শহর থেকে ২০ কিলোমিটার পশ্চিমে যশোর-বেনাপোল মহাসড়কের পাশে ফুলের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত গদখালি বাজার। দূর-দূরান্ত থেকে পাইকার ও খুচরা ব্যবসায়ীরা এখোনে ফুল কিনতে আসেন। ট্রাক ও পিকআপভ্যানে স্তুপ করে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় ফুল নিয়ে যান তারা।

সম্প্রতি ঝিকরগাছা উপজেলার গদখালীর মাঠগুলোতে ঘুরে দেখা গেছে- রজনীগন্ধা, গোলাপ, জারবেরা, গাঁদা, গ্লাডিওলাস, জিপসি, রডস্টিক, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকাসহ ১১ ধরনের ফুল শোভা পাচ্ছে। 

হাঁড়িয়া নিমতলা গ্রামের ফুলচাষি আশরাফ হোসেন বলেন, "এ বছর ১৭ কাঠা জমিতে গাঁদা ফুলের চাষ করেছি। বিজয় দিবসের সময় ৭০ হাজার টাকায় ফুল বিক্রি করিছি। গত বছর এই সময় মাত্র দুইশ টাকার ফুল বিক্রি করতে পেরেছিলাম।"

গদখালির ফুলচাষি আব্দুস সোবহান বলেন, “করোনা মহামারির কারণে দুইবছর মোটেও ফুল বিক্রি করতি পারিনি। এ বছর বুদ্ধিজীবী দিবস আর বিজয় দিবসে লক্ষাধিক টাকার বিক্রি হয়েছে। দাম ভালো পাওয়ায় এলাকার ফুলচাষিদের মুখে হাসি ফুটেছে।”

১৫ কাঠা জমিতে জারবেরা আর দেড় বিঘা জমিতে গাঁদা ফুলের চাষ করেছেন পানিসারার পটুয়াপাড়া গ্রামের ফুল চাষি লোকমান শেখ। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত ছয়টি উৎসবে গাঁদা বিক্রি করে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তিনি।

চাষি লোকমান বলেন, " গেল বছর এই সময়ে ১০ হাজার টাকার ফুলও বিক্রি করতি পারিনি। আর এ বছর দুই দিবসে ৫০ হাজার টাকার ফুল বিক্রি করিছি।"

গদখালি ফুলচাষি কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক রনি আহম্মদ বলেন, “করোনা ফুল চাষিদের সব স্বপ্ন কেড়ে নিয়েছিল। এই ডিসেম্বরের শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে ফুলের ব্যাপক চাহিদা ও ভালো দাম থাকায় চাষিদের মুখে আবার হাসি ফুটেছে।”

গদখালির কৃষকদের তথ্যমতে, বর্তমানে ১০০ রজনীগন্ধা ২০০ টাকা, একশ গোলাপ ৩৫০-৪০০ টাকা, একশ জারবেরা ৮০০ টাকা, একশ পিস গাঁদা ১৫ টাকা, একশ গ্লাডিওলাস ৮০০ টাকা, জিপসি প্রতি বান্ডিল ১৫০ টাকা ও রডস্টিক প্রতি বান্ডিল ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার ছয়টি ইউনিয়নের প্রায় ৬২৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হচ্ছে। ফুলচাষের সঙ্গে প্রায় সাড়ে ছয় হাজার কৃষক এবং প্রায় এক লাখ শ্রমিক সম্পৃক্ত রয়েছেন।